টেন্ডার নিয়ে বিরোধ
নড়াইলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ১০
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
জেলার লোহাগড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজের দেড় কোটি টাকার টেন্ডার জমা দেয়া নিয়ে ক্ষমতাসীন দলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় দুই ঠিকাদারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এক কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে লোহাগড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজের জন্য গতকাল ছিল টেন্ডার জমাদানের শেষ দিন। নড়াইল জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার আল-মাশরুর-বিল্লাহ নেনুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঠিকাদার তারিক হাসান ও তার ভাই বশির আহমেদের কাছে থাকা টেন্ডারের কাগজপত্র ও সাড়ে ৩ লাখ টাকার পে-অর্ডার ছিনিয়ে নেয়।
এ ঘটনার জের ধরে নড়াইল ডাকবাংলো চত্বরের সামনে ক্ষমতাসীন দলের দুই গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ওই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
এ ঘটনায় ঠিকাদার বশির আহমেদের জবানবন্দি গ্রহণ করে সদর থানার ওসিকে এজাহার হিসাবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।