সুবহানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নিয়ে এ দিন ধার্য করেন। এ সময় ট্রাইব্যুনালে সুবহান হাজির ছিলেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হবে কিনা সে সংক্রান্ত আদেশের জন্য গতকাল দিন ধার্য ছিলো। ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয়।
সুবহানের বিরুদ্ধে গত বছরের ১৫ এপ্রিল তদন্ত শুরু হয়। প্রায় দেড় বছর ধরে চলা এ তদন্ত শেষ হয় গত ১২ সেপ্টেম্বর। তদন্তে আবদুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ৯টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একাত্তরে জামায়াতের নেতা ও বিহারীদের নিয়ে স্বাধীনতাকামী লোকদের অপহরণ করে হত্যা, গণহত্যা, নির্যাতন, বাড়িঘরের মালামাল লুট, অগ্নিসংযোগের মত অপরাধের অভিযোগ রয়েছে।
আলীমের বিরুদ্ধে সমাপনী যুক্তিতর্ক রবিবার
এদিকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী বিএনপি নেতা আবদুল আলীমের পক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হয়েছে। রবিবার রাষ্ট্রপক্ষ পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ গতকাল পঞ্চম ও শেষদিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আলীমের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল হক হেনা। তিনি আলীমের বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।
অন্যদিকে মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় না হওয়া পর্যন্ত আলীমকে জেলহাজতে রাখতে রাষ্ট্রপক্ষ এবং জামিন বহাল রাখতে আসামিপক্ষের আবেদনের শুনানির জন্য রবিবার দিন ধার্য করা হয়েছে।