নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
উত্ত্যক্তের শিকার এক স্কুলছাত্রী থানায় জিডি করায় তাকে এসিড ছুড়ে ঝলসে দেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় বখাটে। এ কারণে ছাত্রীটির স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে।
উত্ত্যক্তের শিকার ওই ছাত্রী স্থানীয় আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া ও আসার পথে একই গ্রামের শফিক মিয়ার ছেলে শাহীন মিয়া (১৬) মেয়েটিকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে।
ছাত্রীটি কান্নাজড়িত কণ্ঠে বলে, নান্দাইল মডেল থানায় জিডি করার পর শাহীন তাকে হুমকি দিয়েছে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে এসিড মেরে তার সুন্দর মুখ পুড়ে দেওয়া হবে। ফটোশপে কারসাজি করে শাহীন তার সাথে আমার (মেয়েটির) ছবি লাগিয়ে ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দিয়েছে।
ছাত্রীটির দিনমজুর বাবা ও মা জানান, সামাজিক বিচার না পেয়ে থানায় জিডি করায় অভিযুক্তরা মেয়েকে এসিডে ঝলসে দেওয়া ও বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
অভিযুক্ত বখাটে মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র শাহীনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানান, এবিষয়ে শনিবার ছাত্রীটির পরিবার ও অভিযুক্তদের নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ ডাকা হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া বলেন, ইতিমধ্যে জিডির তদন্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।