সংবাদ কণিকা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৩
গাঁজা ক্যাফে
বার্লিনে সম্ভবত শীঘ্রই বৈধভাবে অল্প পরিমাণে গাঁজা কেনা সম্ভব হবে। অন্তত বিখ্যাত ক্রয়েত্সবার্গ অঞ্চলের নতুন মেয়র মোনিকা হ্যারমান তেমন আভাসই দিচ্ছেন। নিজের এলাকায় জার্মানির প্রথম ক্যানাবিস ক্যাফে চালুর পরিকল্পনা তাঁর। মোনিকা হ্যারমান বার্লিনের ক্রয়েত্সবার্গের মেয়র হিসেবে কাজ শুরু করেছেন গত আগস্ট মাসে। তাঁর কাজের তালিকায় গাঁজা বৈধকরণের ব্যাপারটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। জার্মানির সংসদ নির্বাচনের আগে এই বিষয়ে বেশ খানিকটা বিতর্কও তৈরিতে সক্ষম হয়েছেন মেয়র। —ডয়েচে ভেলে
অদৃশ্য টাওয়ার
বিশ্বের প্রথম অদৃশ্য আকাশচুম্বী টাওয়ার তৈরির পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানী সিউলে এ টাওয়ারটি নির্মাণ করা হবে। অদৃশ্য এ টাওয়ারটির নাম দেয়া হয়েছে টাওয়ার ইনফিনিটি। টাওয়ার ইনফিনিটির প্রকৌশলীরা এটি নির্মাণের জন্য সরকারের অনুমতি পেয়েছে। প্রায় ১ হাজার ৪৭৬ ফুট উঁচু এ টাওয়ারটি এমন প্রযুক্তিতে তৈরি করা হবে, যাতে করে এটি সহজে মানুষের চোখে ধরা না পড়ে। -রয়টার্স
গ্রিসে ভূমিকম্প
গ্রিসের এথেন্স থেকে ৫৯ কিলোমিটার পশ্চিমে শুক্রবার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখ্টার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি । এথেন্সের পর্যবেক্ষক সংস্থা বলছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় থেবেস শহর থেকে ২৪ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের কোরিনথিয়ান উপসাগরে। সংস্থা একে মৃদু হিসেবে উল্লে¬খ করেছে। এটি রাজধানীতেও অনুভূত হয়েছে বলে সরকারি বার্তা সংস্থা এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে। — এএফপি
দক্ষিণ আফ্রিকায় মাদকাসক্তি
দক্ষিণ আফ্রিকার তরুণ এবং কিশোর বয়সীরা ক্রমশই হিরোইনমিশ্রিত নতুন এক ধরনের মাদকে আসক্ত হয়ে পড়ছে। বিষয়টি নিয়ে সেখানে মানুষের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে এবং গত বছর এ ধরনের ১ লাখ ৭৫ হাজার মামলা হয়েছে। ফলে দেশের উদ্বিগ্ন লোকজন দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। —বিবিসি