রায়পুরায় দৃষ্টি প্রতিবন্ধী দুই শিক্ষার্থীর ভবিষ্যত্ অনিশ্চিত
মোস্তফা খান, রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
নরসিংদীর রায়পুরায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের উপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে দৃষ্টি প্রতিবন্ধী দুই শিক্ষার্থীর ভবিষ্যত্। তার হলো— উপজেলার রায়পুরা ইউনিয়নের আর এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ খলিল মিয়া ও মিজান মিয়া। জানা যায়, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি) এর সহযোগিতায় ২০০৭ সালে খলিল ও মিজান রাজপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবিসির সৌজন্যে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের পদ্ধতি ব্র্যাল্ট এর উপর প্রশিক্ষণ নেয়। এ শিক্ষকের মাধ্যমে মিজান ও খলিল গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে মিজান ৪.০০ এবং খলিল ৪.৮৩ গ্রেড পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে তারা দু’জনই একসাথে বাড়ির পার্শ্ববর্তী আর এম উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ক্লাসের স্বাভাবিক ছেলে-মেয়েদের সাথে লেখাপড়া করে কুলিয়ে উঠতে পারছে না এ দুই দৃষ্টি প্রতিবন্ধী। তাছাড়া বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের পাঠদানের উপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকায় যথেষ্ট ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার পথে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যত্।