আগৈলঝাড়ায় সরকারি গাছ কেটে এনজিও’র ভবন নির্মাণ

আগৈলঝাড়ায় একটি সরকারি সংস্থার ক্লিনিক তৈরির নামে সরকারি সম্পত্তি দখল করে লক্ষাধিক টাকার গাছ কেটে পাকা ভবন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেও এনজিও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, স্বেচ্ছাসেবী সংস্থা তরঙ্গ উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়িতে তাদের ব্রাঞ্চ অফিস বর্ধিত করতে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ সংলগ্ন সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ শুরু করে। ওই কাজের জন্য সড়কের পার্শ্বে লাগানো লক্ষাাধিক টাকার রেইনট্রি গাছ কেটে নিয়ে যায় এনজিও কর্তৃপক্ষ। তরঙ্গ’র ম্যানেজার কামরুজ্জামান জানান, ভবন নির্মাণ করে তাতে এলাকার দুস্থদের জন্য ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া হবে।