আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর হাতে বন্ধু বাদল (৪০) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে আদমদীঘি উপজেলার সান্তাহার লকোকলোনী দীঘির পাড়ে। এ ঘটনায় নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ছেলের ঘাতক বন্ধু রেজাউল করিমসহ অজ্ঞাতদের আসামি করে বৃহস্পতিবার থানায় হত্যা মামলা করেন।
জানা যায়, নওগাঁর চকতাতারু এলাকার রেজাউল করিমের সঙ্গে আদমদীঘির সান্তাহার লকোকলোনীর বাদলের বন্ধুত্ব ছিল। দুই বছর আগে রেজাউল করিম তার স্ত্রী ফাতেমা বেগমকে তালাক দেন। তালাকপ্রাপ্ত ফাতেমাকে ৬/৭ মাস আগে বাদল বিয়ে করলে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে গত বুধবার রাতে বাদলের বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রেজাউল। আহত বাদলকে নওগাঁ হাসপাতালে নিলে তার অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যায়।
অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের তত্পরতা চলছে।