বনবিভাগের দেড় হাজার একর জায়গা বেদখল!
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
চট্টগ্রামের লোহাগাড়া চুনতি রেঞ্জের প্রায় ১ হাজার ৫শ’ একর জায়গা বেদখল হয়ে গেছে। বনবিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে এলাকার প্রভাবশালীমহল এসব জায়গা দখল করে নিয়েছে বলে জানা যায়। অন্যদিকে, ভূমিহীন, দুর্বল ও নিরীহ লোকজনের বন্দোবস্তকৃত জায়গা বিনা নোটিসে উচ্ছেদের ঘটনাও ঘটেছে। দখলকারীরা এসব জায়গায় ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগিয়েছে। রেঞ্জের জায়গায় বহু বসতঘর গড়ে উঠেছে। জানা যায়, এ রেঞ্জের অধীনে ২ হাজার ২শ’ একর জায়গা রয়েছে। বনভূমির অনেক জায়গা বৃক্ষশূন্য হয়ে পড়েছে। বনজসম্পদ উজাড়ের ফলে বন্যপ্রাণী বিপন্ন হতে চলেছে। চুনতি রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, ইতোমধ্যে প্রায় ১ হাজার ৩শ’ একর থেকে ১ হাজার ৫শ’ একর জায়গা বেদখল হয়ে গেছে। দখলদারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।