মিঠাপুকুরে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
স্বামী ও শ্বশুর-শাশুড়ি বেঁধে রেখে পাশবিক নির্যাতন করেছে গৃহবধূ আলোকে। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা তাকে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আলো। এলাকাবাসী ও নির্যাতিতা গৃহবধূ জানান, উপজেলার বলদিপুকুর মমিনপুর গ্রামের মাদক ব্যবসায়ী খয়বারের ছেলে সামছুল আলমের সাথে তিন বছর আগে বিয়ে হয় আলেয়া আক্তার আলোর। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান হয়েছে। সুখের মুখ দেখতে না দেখতেই যৌতুকের চাপের মুখে পড়ে কুমিল্লার ধামগড় উপজেলার লক্ষীপুর গ্রামের তার বাবা আনছার। দফায় দফায় লক্ষাধিক টাকা নিয়ে এসে যৌতুকের চাহিদা মেটায়। নির্যাতনের শিকার গৃহবধূ আলো অভিযোগ করে বলেন, তার শ্বশুর দীর্ঘদিন কু-নজর দেয়ার এক পর্যায়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। পুনরায় একই ঘটনার প্রতিবাদ করায় শ্বশুর খয়বার, শাশুড়ি ছকিনা, ও স্বামী সামছুল আলম বেঁধে রেখে অমানুষিক শারীরিক নির্যাতন চালায়।