ইংলিশ প্রিমিয়ার লিগ
জয়ের খরা কাটাতে চায় আজ চেলসি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৫
আগের চার ম্যাচে জয়হীন চেলসি আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিরুদ্ধে দুর্ভাগ্য কাটিয়ে উঠতে চায়। চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজেই হবে খেলাটি। যদিও পশ্চিম লন্ডনের ক্লাব দুটির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। তাও আবার ফুলহ্যামের বিরুদ্ধে সর্বশেষ পাঁচ খেলার মধ্যে একবল একটিতে জিতেছে চেলসি।
চেলসি গত এক মাসে কোনো টুর্নামেন্টেই জয় পায়নি। গত সপ্তাহে এভারটন এবং বাসেলের কাছে পরাজিত হওয়ার ঘটনা ক্লাবের সমর্থকদেরও দুশ্চিন্তায় ফেলেছে। আবার চেলসির দায়িত্ব নেয়া কোচ মরিনহোও আছেন চাপে। তাছাড়া রোমেলু লুকাকুকে এভারটনে ধারে পাঠানোর মরিনহোর সিদ্ধান্তটিও অনেকের মনঃপুত হয়নি।
স্যামুয়েল ইতো আনঝি মাকাচকালা থেকে চেলসিতে যোগ দেয়ার পর প্রথম দুই ম্যাচে দলের জন্য বিশেষ কিছুই করতে পারেননি। অপরদিকে স্ট্রাইকার ফার্নান্দো তোরেস ভুগছেন ফর্মের খরায়।
গত বুধবার বাসেলের কাছে পরাজয়ে বড়ো ধাক্কা খেয়েছে চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই খেলাটিতে নিজেদের মাঠে বাসেলের কাছে শেষ ২০ মিনিটে দুই গোল হজম করে মরিনহোর দল। ফলে স্বাগতিক দর্শকদের সামনে ২-১ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। চেলসির ডিফেন্ডার গ্যারি কাহিল দলের পারফর্ম্যান্সকে খারাপ মনে করলেও সংকট বলে মানতে নারাজ, ‘এটা দুর্যোগ না হলেও আদর্শ অবস্থা নয়। চেলসির মতো ক্লাব অধিকাংশ ম্যাচেই জিততে চায়। এটাই এখানকার চাহিদা। আমরা আমাদের পরবর্তী ম্যাচ জিততে চাই। কোচ এ বিষয়টির উপর গুরুত্ব দেবেন।’
স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগে মরিনহো ৬২ ম্যাচে অপরাজিত আছেন। কিন্তু স্বাগতিকদের বাজে ফর্ম কোচ মার্টিন জোলের ফুলহ্যামকে অনুপ্রেরণা যোগাচ্ছে। যদিও এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডকে ছাড়া আর কাউকে হারাতে পারেনি ফুলহ্যাম। লিগ টেবিলে সফরকারীরা ১৪ নম্বরে আছে।
পরিসংখ্যান অবশ্য চেলসির পক্ষে। লিগে টানা ১৪ ম্যাচে ফুলহ্যামের বিরুদ্ধে অপরাজিত আছে চেলসি। মরিনহো এই সংখ্যাকে আরো বাড়াতে চাইবেন।
লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল আজ নিজ মাঠে খেলবে ১১ নম্বরে থাকা সাউদাম্পটনের বিপক্ষে। প্রিমিয়ার লিগে সাউদাম্পটনই সর্বশেষ দল যারা হারিয়েছে লিভারপুলকে। মার্চের পর থেকে টানা ১২ ম্যাচে অপরাজেয় লিভারপুল। দারুণ ফর্মে থাকা ফিলিপ কোটিনহো গোল করেছেন নিয়মিত। কিন্তু কাঁধের ইনজুরির কারণে আজ সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি। এই ব্রাজিলিয়ান প্লেমেকার ছাড়াও ইনজুরির কারণে দলের বাইরে আছেন গ্লেন জনসন, অ্যালি সিসোকো, সেবাস্তেইন কোয়েটস এবং ড্যানিয়েল অ্যাগার।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লিভারপুল ও সাউদাম্পটন, চেলসি ও ফুলহ্যামের ম্যাচ ছাড়াও চারটি খেলা আছে। নওরিচ সিটি খেলবে অ্যাস্টোন ভিলার বিপক্ষে, নিউক্যাসল ইউনাইটেড খেলবে হাল সিটির বিপক্ষে, ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিওন এফসি খেলবে সান্ডারল্যান্ডের বিপক্ষে এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড খেলবে এভারটনের বিপক্ষে।