রিও নয় লন্ডনে থামবেন বোল্ট

রিও অলিম্পিকের পর লন্ডনে অনুষ্ঠিতব্য ২০১৭ বিশ্বচ্যাম্পিয়নশীপেও অংশ নিতে পারেন উসাইন বোল্ট। বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে নিজের এমন অভিব্যক্তির কথা ব্যক্ত করেন জ্যামাইকান এই গতি তারকা। ছয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন সিপ্রন্ট কিং ইতোপূর্বে ২০১৬ রিও অলিম্পিকের পর অবসর নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। বিশ্বচ্যাম্পিয়নশীপে আটবার স্বর্ণপদক জয়ী বোল্ট বলেন, ‘রিও গেমসের পরেই আমি অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু ভক্তরা আরো কিছুদিন আমাকে ট্র্যাকে থাকার অনুরোধ করছে এবং তারপর আমার স্পন্সররাও একই অনুরোধ জানিয়েছে। হয়তোবা আমি আর এক বছর খেলা চালিয়ে যেতে পারি। আমার কোচ বলেছেন, এটা করা যেতে পারে।’ বিশ্বচ্যাম্পিয়নশীপ ও অলিম্পিকে বার বার স্বর্ণ মুকুট পড়ার পর আগামী কমনওয়েলথ গেমসেও অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন বোল্ট। ছয়বার অলিম্পিক এবং আটবার বিশ্ব চ্যাম্পিয়নশীপের পদক জয় করে ২০১৪ সালে গ¬াসগোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে অংশ নেবেন বলে জানান বোল্ট। সর্বকালের সেরা হিসাবে বিবেচিত এ অ্যাথলেটের ২০০৬ সালের মেলবোর্ন কমনওয়েলথ গেমসে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু হ্যামষ্ট্রিং ইনজুরির জন্য পারেননি। তাই গ্লাসগো কমনওয়েলথ গেমসের পদক জয়ের দিকে দৃষ্টি তার। ২৭ বছর বয়সী বোল্ট জানিয়েছেন, চার বছর আগে ১০০ মিটারে ৯.৫৮ সেকেন্ড এবং ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ডের নিজের গড়া বিশ্ব রেকর্ড এখনো ভাঙ্গা সম্ভব। তিনি বলেন, ‘একটা সম্ভাবনা আছে। এটা করব বলে গত মৌসুমেই আমি বলেছিলাম। কিন্তু আমার শুরুটা ভাল হয়নি এবং আমার ইনজুরি ছিল। বয়স কম থাকলেও ইনজুরি নিয়ে এটা করা অসম্ভব।’ বাসস/এএফপি