‘শেকড় থেকে লতাপাতা’ গ্রন্থের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত

গতকাল শুক্রবার বিকালে সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা ভবনের সম্মেলন কক্ষে খোন্দকার আহসানউদ্দিন আহমদ ফাউন্ডেশন প্রকাশিত ‘শেকড় থেকে লতাপাতা’ গ্রন্থের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যাংকার ও শিশু সংগঠক খোন্দকার ইব্রাহিম খালেদ রচিত এ গ্রন্থটির প্রকাশনা উত্সবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি রুবি রহমান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাদ উদ্দিন প্রমুখ। বিচারপতি খায়রুল হক বলেন, শেকড়কে ছাড়া এগিয়ে যাওয়া যায় না। যে জাতি শেকড় ভুলে যায়, সে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। এটি রাষ্ট্রীয় জীবনে যেমন সত্য, পারিবারিকভাবেও তেমনি সত্য। অপরদিকে, শামসুজ্জামান খান বলেন, সামাজিক ইতিহাসের গুরুত্বের দিক থেকে এ কাজটি একটি ব্যতিক্রমধর্মী ও অনন্য সাধারণ কাজ। ঐতিহাসিকরা এটা ব্যবহার করতে পারবেন। অত্যন্ত অনানুষ্ঠানিক ও ঘরোয়া পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে খোন্দকার ইব্রাহিম খালেদ ভিন্নধর্মী এই গবেষণা গ্রন্থটির রচনার পটভূমি ব্যাখ্যা করে বলেন, বইটিতে রয়েছে শেকড়ের সন্ধান। আত্মপরিচয়ের শেকড় খুঁজতে গিয়ে বংশের পূর্ব-পূরুষদের পরিচয় ও মাইগ্রেশন রুটের যেসব তথ্যের লতাপাতার সন্ধান মিলেছে, সেগুলোকেই একটি ঝাঁপির মধ্যে সাজানো হয়েছে এ গ্রন্থে। অনুষ্ঠান শেষে সেখানে উপস্থিত খোন্দকার বংশের তিন প্রজন্মের দেড় শতাধিক সদস্য এক প্রীতিভোজে শরিক হন।