২০২২ কাতার বিশ্বকাপ

আয়োজনে বাধা দেখছেন আয়োজকরা

কাতারের ফুটবলের কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, বিশ্বকাপের স্থান পরিবর্তনের প্রয়োজন নেই এবং তারা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে পারবেন। মধ্যপ্রাচ্যের তাপমাত্রার বিষয়টি মাথায় রেখে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় দেখা দেয়। মধ্যপ্রাচ্যে সাধারণত জুন-জুলাই মাসে তাপমাত্রা অনেক বেশি থাকে। বছরের এই সময়েই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। কাতার ২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ কমিটি জোর দিয়ে জানিয়েছেন, কোনো সমস্যা হবে না। বিশ্বকাপের সময় কাতারের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে খেলোয়াড় এবং দর্শকরা তা সহ্য করতে পারবেন কিনা সেই দিকটি ভেবে বিশ্বকাপ অপেক্ষাকৃত শীতল সময়ে সরিয়ে নেয়ার কথা বলা হচ্ছিল। গত বৃহস্পতিবার উয়েফার ৫৪ সদস্য বিশ্বকাপ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানান। কিন্তু কাতারের আয়োজক কমিটি এই সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় মনে করছেন। এই কমিটি জানায়, ‘আমরা ২০২২ ফিফা বিশ্বকাপ গ্রীষ্মে আয়োজনের জন্য প্রতিযোগিতা করেছি এবং এই টুর্নামেন্ট আয়োজন করতে চাই। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। আন্তর্জাতিক ফুটবল কমিটি যদি মনে করে যে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় পরিবর্তন করতে হবে, আমরা তা করতে রাজি আছি।’ কিন্তু কাতারে যে সময় তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে সেই সময় ইউরোপো ঘরোয়া লিগের মৌসুম চলে। ফলে ইউরোপের দেশগুলো চায় না যাতে এই সময়টাতে বিশ্বকাপ আয়োজিত হোক। কাতারের আয়োজক কমিটি প্রযুক্তির কথাও জানান, ‘পরিবেশ বান্ধব এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের যে প্রযুক্তি আমাদের আছে তার সাহায্যে অন্যান্য দেশের মতো পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম। জসিম বিন হামাদ স্টেডিয়ামে ২০০৮ সালে এই ধরনের প্রযুক্তি আছে। গত জুনেই দোহা ওই স্টেডিয়ামে আরামদায়ক তাপমাত্রায় ওই ম্যাচটির আয়োজন করে। ২০২২ সালের বিশ্বকাপের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করছি।’ এর আগে ফিফা সভাপতি সেপ ব্লাটার বলেছিলেন, কাতারকে বিশ্বকাপের আয়োজক করার সিদ্ধান্ত হয়তো ভুল ছিল। কিন্তু নিয়ন্ত্রক কমিটি এই টুর্নামেন্ট কাতারেই আয়োজন করার পক্ষে মত দেন।