বাংলাদেশ-দ. আফ্রিকা মেয়েদের ওয়ানডে অভিযানও হার দিয়ে শুরু
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
দেশের মাটিতে এই দক্ষিণ আফ্রিকা মেয়েদের দলের বিপক্ষে তবু টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে একটা করে ম্যাচ জিতেছিল। কিন্তু ফিরতি সফরে এখনও পর্যন্ত পরাজয়ের বৃত্ত ভেঙে বের হতে পারছে না সালমা খাতুনের দল। গতকাল বেনোনিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।
আগে ব্যাট করে প্রাগঐতিহাসিক যুগের ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান তুলেছিল বাংলাদেশ। ফারজানা হক সর্বোচ্চ ৬৩ রান করতে পারলেও সে জন্য বল খেলেছেন ১৩৬টি। লবসার ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। জবাব দিতে নেমে লিজলে লি’র ৭৭ রানে বিনা উইকেটে ৮০ রান তুলে জয় অনেকটাই নিশ্চিত করে তুলেছিল আফ্রিকানরা। এই সময়ে বাংলাদেশি স্পিনার খাদিজাতুল কুবরা পরপর তিনটি উইকেট ও জাহানারা একটি উইকেট তুলে নিয়ে একটু উত্তেজনা ফিরিয়ে এনেছিলেন। তারপরও ১২.১ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় পায় আফ্রিকানরা।