হায় শীতলক্ষ্যা!
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৫
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ এলাকায় ভরাটকৃত অংশ উদ্ধার হওয়ার দুই সপ্তাহের মাথায় আবারও বালু দিয়ে ভরাট করে দখল নিয়েছে অসাধু বালু ব্যবসায়ীরা।
চলতি মাসের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ জেলা প্র্রশাসন ও বিআইডব্লিউটিএ-এর যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী উদ্ধার অভিযানে প্রায় ৭ লাখ ঘনফুট বালু অপসারণ করে নদী দখলমুক্ত করা হয়। শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ এলাকায় দীর্ঘদিন যাবত্ অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে নদীতীর ভরাট করে দখলে নিয়ে বালু ব্যবসা করে আসছিলেন। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হলে চলতি মাসের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ জেলা প্র্রশাসন ও বিআইডব্লিউটিএ-এর যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী উদ্ধার অভিযানে প্রায় ৭ লাখ ঘনফুট বালু অপসারণ করে নদী দখলমুক্ত করা হয়। বিআইডব্লিউটিএ সূত্রে বলা হয়, উদ্ধার অভিযানে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। আবারও উদ্ধারকৃত অংশে বালু ভর্তি বস্তা ফেলে নদী ভরাট করে পুনরায় বালু ব্যবসা চালু করেছেন অসাধু ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, উদ্ধারকৃত অংশে বালুর বস্তা ফেলে ভরাট করা হয়েছে। সেখানে অসাধু ব্যবসায়ীরা বালু ব্যবসা করছেন। উল্লেখ্য, অবৈধ দখল ঠেকাতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ করলেও কিছু কিছু অংশে রহস্যজনক কারণে ফাঁকা রেখেছে যে সব স্থানে অবৈধ বালু ব্যবসা অব্যাহত রয়েছে।