চাটখিলে হিন্দু বাড়িতে জামায়াত-শিবিরের হামলায় আহত ১০
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় জামায়াত-শিবির কর্মীরা এক হিন্দু পরিবারের বাড়িতে হামলা, লোকজনদের মারধর ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন নারী-পুরুষ। গুরুতর আহত অবস্থায় শংকর চন্দ্র সূত্রধরকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা হিন্দু সমপ্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতংক দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামে সূত্রধর বাড়িতে বিশ্বকর্ম পূজা হচ্ছিল। পূজা শেষে গত বুধবার বিকালে প্রতিমা বিসর্জনের সময় হিন্দু সমপ্রদায়ের লোকজন গায়ে রং-কাদা মেখে আনন্দ করছিল। এ সময় পাশের বাড়ির প্রবাসী তৈয়ব আলীর মেয়ে তানজিনা সুলতানা (তন্মি) সেখানে গিয়ে উপস্থিত হলে সমবয়সী হিন্দু পরিবারের শিশুরা তার গায়ে রং-কাদা লাগিয়ে দেয়। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তন্মির চাচা শিবির নেতা মাহবুব ও হাবীবের নেতৃত্বে প্রায় ১৫০ জন সন্ত্রাসী অনুষ্ঠানস্থলে গিয়ে অতর্কিত হামলা-ভাংচুর ও মারধর করে।
তবে মাহবুব ও হাবীব এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত গান্ধী আশ্রম ট্রাস্ট সচিব ঝর্ণাধারা চৌধুরী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। চাটখিল থানার ওসি ইব্রাহিম খলিল বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেয়া হবে। হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী।