ষড়যন্ত্র বন্ধ না করলে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫০
বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আগে ওয়াশিংটন পোস্টে প্রবন্ধ লিখে তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করেছেন। সমপ্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি লিখে সেই ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটিয়েছেন। দেশবিরোধী এ ষড়যন্ত্র অব্যাহত থাকলে জনগণের চাপে সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে বাধ্য হবে।
গতকাল শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত ‘কৃষক-জনতার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশের জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনকে চোখের চিকিত্সকের সাথে কানের চিকিত্সকও দেখানো দরকার। কারণ দেশের উন্নয়ন যেমন তিনি দেখেন না, তেমনি দেশের উন্নয়নে বিদেশিরা যে প্রশংসা করছে সেটাও তিনি শোনেন না।
‘আওয়ামী লীগ নেতাদের সিটিস্ক্যান করা দরকার’ বলে বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর সামপ্রতিক বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপি নেতাদেরই সিটিস্ক্যান করা দরকার।
কৃষক লীগের সহ-সভাপতি ছবি বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক সাখওয়াত হোসেন সুইট প্রমুখ।