‘যোদ্ধার কোন রূপ নেই, বর্ণ নেই ঠিকানা নেই’

যোদ্ধার কোন রূপ নেই, বর্ণ নেই, ঠিকানা নেই। সকল যোদ্ধার সম্মিলন এক যোদ্ধায়। এভাবেই শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্মের সাথে যোদ্ধার সম্পর্ক ব্যাখ্যা করেন সিমিন হোসেন রিমি। গতকাল শুক্রবার থেকে ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানের আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ-এর যোদ্ধা শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক। তারা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে শিল্পীর সগৌরব বিচরণকে সম্মান জানান। অনেক সময় জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করতে হয়। আবার কখনো মাতৃভূমির মর্যাদা কিংবা সভ্যতাকে বাঁচিয়ে রাখতেও মানুষকে যুদ্ধ করতে হয়, এমন বিবেচনা থেকেই প্রদর্শনীর শিরোনাম হয়েছে ‘যোদ্ধা’। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ নিজে মুক্তিযুদ্ধ করেছেন। উপস্থিত অতিথিরা শিল্পীর আঁকা ছবিগুলো নিয়ে এভাবেই কথা বলেন। শিল্পী বলেন, যথারীতি এবারও বিশাল বিশাল ক্যানভাসে ছবি এঁকেছেন। তবে নতুন ছবিগুলোয় যুক্ত হয়েছে ভিন্ন বৈশিষ্ট্য। সদ্য আঁকা ছবিগুলোতে রয়েছে অনেক বেশি রংয়ের খেলা। এর ফলে শিল্পানুরাগীরা আমার ছবিতে নতুন মাত্রার সন্ধান পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোয়েন্টি ওয়ানের পরিচালক সুব্রানা শামীম। প্রদর্শনীর সবগুলো ছবি আঁকা হয়েছে তেল রং মাধ্যমে। সব মিলিয়ে ২৯টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। তিন সপ্তাহব্যাপী প্রদর্শনীর শেষ হবে ১১ অক্টোবর। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা দর্শনার্থীরা শাহাবুদ্দিনের শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন।