লাকসামে চলন্ত ট্রেন থেকে পড়ে ঢাবি ছাত্র নিহত
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
জেলার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় নিহতের বৃদ্ধা নানি গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান শিবলুর (২৫) বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকির হাট এলাকায়।
নাথেরপেটুয়া রেল স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার রাত ১টায় নাথেরপেটুয়া স্টেশনে যাত্রাবিরতি করে। পরে ছেড়ে যাওয়ার সময় শিবলু তার নানিকে নিয়ে চলন্ত ট্রেন থেকে নামার সময় উভয়েই গুরুতর আহত হয়। লাকসাম সদর হাসপাতালে নেয়ার পথে শিবলু মারা যায়। তার নানিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। লাকসাম রেলওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।