যুদ্ধাপরাধী প্রশ্নে বিরোধী নেত্রীর নীরবতা রহস্যজনক

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানবতা ও নারী সমাজের শত্রু তেঁতুল হুজুরকেও আড়াল করার চেষ্টা করছেন। আপিল বিভাগের রায়ের পর বিরোধী নেত্রীর নীরবতা রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, নীরবতা ভেঙে যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করুন। এ নীরবতা গণতন্ত্রের জন্য দুঃখজনক সংবাদ এবং হুমকিস্বরূপ। শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একাত্তরের জন্য পাকিন্তান যেমন ক্ষমা চায়নি, তেমনি বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে গোঁ ধরে বসে আছেন। আপিল বিভাগের রায় ‘অধস্তন’ সবাই মানতে বাধ্য। রায়ের পর নীরবতার মাধ্যমে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের প্রতি নির্লজ্জ সমর্থন দেখিয়েছেন। প্রমাণ করেছেন, উনি শহীদদের আত্মত্যাগ মানেন না, ন্যায়বিচার মানেন না এবং মা-বোনদের আত্মত্যাগও মানেন না। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আঃ আলিম স্বপন, সহ-সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিং রায়, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি আখম গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, বেনজির আহমেদ বেনু, বকুল প্রমুখ।