আয়কর মেলা শেষ হচ্ছে কাল

সপ্তাহব্যাপী আয়কর মেলা আগামীকাল রবিবার শেষ হচ্ছে। গতকাল শুক্রবার ছুটির দিনে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে মেলায় অব্যবস্থাপনাও ছিল চোখে পড়ার মত। এ নিয়ে করদাতাদের অভিযোগ লক্ষ্য করা গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, গতকাল আয়কর মেলার ৫ম দিনে ৬৯ হাজার ৬২১ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে ৩ লাখ ১৭ হাজার করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। গতকাল নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১ হাজার ৯৬, পুন:নিবন্ধিত হয়েছেন ৮ হাজার ৬১২ করদাতা, আয়কর রিটার্ন জমা পড়েছে ১৯ হাজার এবং আয়কর আদায় হয়েছে ১০২ কোটি ২৮ লাখ টাকা। এছাড়া আয়কর মেলার ৫ম দিন পর্যন্ত সারা দেশে মোট নতুন করদাতা হিসেবে ই-টিআইএন নিবন্ধিত হয়েছেন ৮ হাজার ৪৭ জন করদাতা। বিদ্যমান করদাতাগণের মধ্যে ৪৬ হাজার ৯৫৮ জন করদাতা নতুন ই-টিআইএন পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছেন। আর ৫ দিনে আয়কর আদায় হয়েছে ৬৯০ কোটি ৮৩ লাখ টাকা।