এবার শিকাগোয় পার্কে বন্দুকধারীর গুলি, আহত ১৩
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৪
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নেভি ইয়ার্ডে বন্দুকধারীদের গুলিতে ১৩ জন নিহত হবার পর এবার শিকাগোয় একটি বাস্কেটবল কোর্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। শিকাগো ট্রিবিউন পত্রিকা জানায়, শহরের একটি পার্কের দক্ষিণ দিকে বাস্কেট বল কোর্টে গুলিবর্ষণের ঘটনায় মোট ১৩ জন আহত হয়। এদের মধ্যে ৩ বছরের এক শিশুর মুখে গুলি লাগে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩০মিনিটে গুলিবর্ষনের এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারো নিহত হওয়ার বা কারো গ্রেফতারের কথা জানা যায়নি।
শিকাগো দমকল বাহিনী পত্রিকাটিকে জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুটিসহ তিন জনের অবস্থা গুরুতর। শিকাগোয় দলবদ্ধ সন্ত্রাস বিশেষভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শিকাগোয় গত বছরের তুলনায় এ ধরণের সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে।