আইওএস ৭.০ নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টি

অ্যাপল’র মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস-এর নতুন সংস্করণের জন্য সবসময় মুখিয়ে থাকে তাদের গ্রাহকরা। সেই আগ্রহ বজায় ছিল নতুন সংস্করণ আইওএস ৭.০-এর জন্যও। আর নির্মাতা অ্যাপলও এই সংস্করণকে এযাবতকালের সেরা সংস্করণ বলেই ঘোষণা দিয়েছিল। গত বুধবার থেকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার পর পরই তাই লাখ লাখ আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা নির্দ্বিধায় ইন্সটল করে নিয়েছিলেন এই আপডেট। তবে এর ব্যবহারকারীদের হতাশই হতে হয়েছে শেষ পর্যন্ত। আইওএস ৭.০ ইন্সটল করা প্রায় এক-তৃতীয়াংশ গ্রাহকই অসন্তুষ্টি প্রকাশ করেছেন নতুন এই সংস্করণটি নিয়ে। এটি ইন্সটল করতে গিয়েও নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন তারা। প্রায় পাঁচ মিলিয়ন টুইট, ব্লগ এবং ফোরাম পোস্ট বিশ্লেষণ করে দেখা এই তথ্য পাওয়া গেছে। এসব পোস্ট আর টুইট থেকে জানা যায়, অনেকের ক্ষেত্রেই নতুন এই আপডেট গ্রহণ করতে সময় লেগেছে ২৪ ঘণ্টারও বেশি সময়। কেবল ইন্সটলেশনের ঝামেলাই নয়, আইওএস ৭.০-এর ইন্টারফেস এবং বিভিন্ন ধরনের ফিচার নিয়েও গ্রাহকদের অসন্তুষ্টি লক্ষ করা গেছে। এর আগের আইওএস সংস্করণগুলোতে আইকনগুলোকে অনেকটা ত্রিমাত্রিক দেখালেও নতুন সংস্করণে এসে এগুলোর ডিজাইনকে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। আইফোনের ডিসপ্লেকে আরও বড় দেখানোর উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। কিন্তু নতুন এই ডিজাইন সন্তুষ্ট করতে পারেনি ব্যবহারকারীদের। বিভিন্ন মেন্যু, আইকন এবং ইন্টারফেসের অন্যান্য বিষয়গুলোকে বাজারের প্রচলিত অ্যান্ড্রয়েড এবং মোবাইল উইন্ডোজ ৮.০-এর সাদৃশ্যপূর্ণ বলেই মন্তব্য করেছেন অনেকে। অবশ্য গ্রাহকদের কাছ থেকে পাওয়া প্রাথমিক পর্যায়ের এসব মন্তব্যকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না অ্যাপল। একজন অ্যাপল মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘ গবেষণার পরেই তারা এই সংস্করণটি তৈরি করেছেন যাতে গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা পায়। এই সুবিধাগুলো বুঝতে কিছুটা সময় লাগতে পারে। আর আপডেট করার সময় সংক্রান্ত সমস্যাও থাকবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।