বেসিস-এর তিন দিনব্যাপী ওয়েব সলিউশন প্রদর্শনী

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে গতকাল বেসিস অডিটোরিয়ামে শুরু হয়েছে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শীর্ষক তিন দিনের ওয়েব সলিউশন প্রদর্শনী। এর উদ্বোধন করেন বেসিস সভাপতি শামীম আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শেখ কবির আহমেদ। আরও উপস্থিত ছিলেন বেসিসের যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, প্রদর্শনীর স্পন্সর টুইস্টার মিডিয়া টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল খান প্রমুখ। প্রদর্শনীতে ৮টি বেসিস সদস্য কোম্পানি তাদের ওয়েব সলিউশন প্রদর্শন করছে। কোম্পানিগুলো হচ্ছে মিডরো আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্ট, অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট, সাউথটেক, স্টারহোস্ট আইটি, তালহা কর্পোরেশন, টেকনোবিডি ওয়েব সলিউশন্স, টুইস্টার মিডিয়া টেকনোলজি এবং জামান আইটি। আগামীকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।