ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তি পেল চার হাজার শিক্ষার্থী

২০১৩ সালে মাধ্যমিক পাস করা মেধাবী চার হাজার ৫৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে ডাচ-বাংলা ব্যাংক। গতকাল রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ বৃত্তি দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জং ও ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আহমদ। অনুষ্ঠানে জানানো হয়, সপ্তম বারের মত এ বৃত্তি দিল ডাচ-বাংলা ব্যাংক। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকে সাড়ে ২৭ হাজার টাকা পাবে। এবারসহ এ পর্যন্ত প্রায় ১৯ হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দিল ব্যাংকটি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ডাচ-বাংলা ব্যাংকের মত অন্যান্য প্রতিষ্ঠানকেও এ ধরনের কাজে এগিয়ে আসতে হবে। বৃত্তির টাকা যাতে যথাযথভাবে কাজে লাগে সেজন্য বৃত্তিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান তিনি। গারবেন ডি জং বলেন, আগামী এক দশকে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। এজন্য শিক্ষা ও সচেতনতা প্রয়োজন। সেইসঙ্গে সুশাসনও প্রয়োজন। এক্ষেত্রে সমাজের প্রতি দায়বন্ধ প্রতিষ্ঠান গড়ে উঠতে হবে।