সংবাদ কণিকা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৫
শ্যালিকার ঘরে নিদ্রাচ্ছন্ন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের গভীর ঘুমের একটি একান্ত পারিবারিক ছবি নেটে ছেড়েছেন তারই শ্যালিকা এলিস শেফিল্ড। ক্লান্ত ক্যামেরন অঘোরে ঘুমাচ্ছেন শ্যালিকার ঘরেই। ছবিটি তোলা এলিসের বিয়ের পিঁড়িতে বসার দিনে। ক্যামেরনকে আড়াল করে দাঁড়িয়ে আছেন এলিস শেফিল্ড। তারপরও ছবিটিতে স্পষ্টই দেখা যাচ্ছে খালি পায়ে লম্বা হয়ে শুয়ে থাকা ক্যামেরনকে। পাশে আছে তার দাপ্তরিক কাজের সেই বিখ্যাত লাল ব্রিফকেস। যে ব্রিকেসটি ট্রেনের কামরায় অরক্ষিত অবস্থায় ফেলে গিয়ে ভুলোমনা প্রধানমন্ত্রী হিসাবে সমালোচিত হয়েছিলেন ক্যামেরন। এলিস ছবিটি ইনস্টাগ্রাম-এ পোস্ট করার পর আবার তুলে ফেললেও এরই মধ্যে তা দেখেছে কোটি কোটি দর্শক। ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানায়, ছবিটি তোলা হয়েছে জি-২০ সম্মেলনের পরদিন।— বিডিনিউজ
তুরস্কে পুলিশ স্টেশনে রকেট হামলা
তুরস্কের রাজধানী আঙ্কারায় পুলিশ সদর দপ্তর লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার এ হামলা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মার গুলার। আঙ্কারার ডিকমেন এলাকায় অবস্থিত এই দপ্তরের পুলিশের পরিচালনা বিভাগের দুটি ভবনে দুটি রকেট আঘাত হেনেছে, অপর রকেটটি দপ্তর প্রাঙ্গণে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন গুলার। সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কের ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র ডিকমেন। এই হামলার পেছনে কারা আছে তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। তবে হামলাস্থলের কাছাকাছি একটি স্থান থেকে পুলিশ “অবৈধ সংগঠনের” মালিকানাধীন রকেট লঞ্চার এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে বলে জানিয়েছেন গুলার।— রয়টার্স
সিরিয়ার শরণার্থী শিশুরা এখন শিশুশ্রমিক
লেবাননে পাড়ি জমানো সিরিয়ার শরণার্থী পরিবারগুলোর শিশুরা পরিবারের মৌলিক চাহিদা মেটাতে বিভিন্ন শ্রমসাধ্য কাজ করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা। সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেয়া অন্যান্য দেশ তাদের জন্য শরণার্থী শিবিরের ব্যবস্থা করেছে, যেখানে ন্যূনতম জীবনধারণ উপযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিন্তু লেবাননে এ ধরনের কোনো শিবিরের ব্যবস্থা করা হয়নি। এ কারণে দেশটিতে পাড়ি জমানো পরিবারগুলোর অনেক শিশুই নিজেদের খাবার, বিশুদ্ধ পানি ও একটি আশ্রয়ের জন্য কাজে নেমে পড়েছে। তারা স্কুল থেকেও ঝরে পড়েছে। ইউনিসেফের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক মারিয়া ক্যালিভিস বলেন, “পরিবারগুলো দরিদ্র এবং আড়াই বছরের গৃহযুদ্ধে (সিরীয় যুদ্ধ) একেবারে বিপর্যস্ত। তার ওপর লেবাননে বসবাসের কারণে তাদের এমন অনেক কিছুই প্রয়োজন হচ্ছে যার জন্য দাম দিতে হয়। এর ফলে শিশুদেরও কাজ করতে হচ্ছে।“ — রয়টার্স