অনুশোচনাহীন ফুটবলাররা এখন ‘খ্যাপ’ খেলায় ব্যস্ত

সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতায় দেশের ফুটবলামোদীরা যখন বেদনাবিদ্ধ সেই সময়ে জাতীয় দলের ফুটবলাররা নির্বিকারভাবে দেশের বিভিন্ন স্থানে ‘খ্যাপ’ (ভাড়ায়) খেলে বেড়াচ্ছেন। টাকা কামানোর জন্য এখন তাদের কোন ক্লান্তি নেই, ইনজুরির শংকা নেই। ফুটবল অঙ্গনে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। কাঠমান্ডু সাফে খেলা জাতীয় দলের প্রায় সব ফুটবলারই এখন টাকার বিনিময়ে দেশের বিভিন্ন স্থানে খেলা নিয়ে ব্যস্ত। দেশের ফুটবল অনুরাগীরা ভালো করেই জানেন, খেলোয়াড়রা নেপালে বাংলাদেশের মান সম্মান ডুবিয়েছেন। আট দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থান নিয়ে ঘরে ফিরেছে। খেলোয়াড়রাও বলছেন মাথা নিচু করে চলতে হয়। কিন্তু বাস্তবতা হলো তারা সেসব ভুলে বিপুল বিক্রমে গ্রামে-গঞ্জে খেলতে টাকার পেছনে ছুটছেন। অথচ এখন সাফে ব্যর্থতার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তরফে অনুসন্ধান চলছে। এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি বিরামহীনভাবে কাজ করে চলেছে। খেলোয়াড়রাও তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছেন। ফুটবল অনুরাগীরা এখনো ব্যথিত জাতীয় দলের এমন করুণ পরিণতিতে। কিন্তু ফুটবলাররা যেন নির্বিকার। দৃশ্যতই তাদের কাছে অর্থটাই যেন সব।