মর্মান্তিক
রাজশাহী অফিস ও চারঘাট সংবাদদাতা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
রাজশাহীর চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামে গতকাল শনিবার ডোবার পানিতে ডুবে দুই সহোদর ও তাদের খালার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো শ্রাবণ সরকার ওরফে শোভন (৭) ও তার সহোদর সানজিদা খাতুন (৯) এবং তাদের খালা রিতু খাতুন (১২)।
এলাকাবাসীসূত্রে জানা যায়, চারঘাট উপজেলা সদরের আজিজুল হকের সন্তান। শ্রাবণ সারদা পুলিশ একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ও সানজিদা তৃতীয় শ্রেণিতে পড়তো। আর তাদের খালা ফরিদপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে রিতু পার্শ্ববর্তী বনকিশোর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়তো।
পারিবারিকসূত্রে জানা যায়, শ্রাবণ ও সানজিদা শুক্রবার মায়ের সঙ্গে ফরিদপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নানি রাবেয়া খাতুন তাদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি বাড়ির পাশের ডোবার পানিতে তাদের পায়ের স্যান্ডেল ভাসতে দেখে চিত্কার শুরু করেন। তার চিত্কার শুনে পাশের জমিতে কর্মরত কৃষক গিয়াস উদ্দিন ছুটে এসে পানিতে ঝাঁপিয়ে পড়ে একজনকে উদ্ধার করে উপরে তুলে দেখেন নাড়ির স্পন্দন নেই। এ সময় অন্যরা ছুটে এসে অপর দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।