দৌলতপুর থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে গত শুক্রবার সন্ধ্যায় দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। তারা হলেন, ভাগজোত গ্রামের আফতাব হোসেনের ছেলে হিরো (২৬) ও মহিষকুন্ডি ঘোনাপাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে আল্টু (৩০)। বিজিবি দুই জেলেকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দিলে জবাবে বিএসএফ জানিয়েছে দুই বাংলাদেশিকে ভারতীয় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও জেলেদের স্বজনরা জানায়, উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চরপাড়া-চড়ুইকুড়ি এলাকার ১৫৭/১১ এস সীমানা পিলার সংলগ্ন মাথাভাঙ্গা নদীর জিরো পয়েন্টে মাছ ধরার সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। বিজিবি ৩২ ব্যাটালিয়নের রামকৃঞ্চপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শাজাহান জানান, চল্লিশপাড়ায় বিজিবি ও বিএসএফ‘র মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, দুই বাংলাদেশিকে বহরমপুর কারাগারে পাঠানো হয়েছে।