একটি সামাজিক অনাচার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
মানুষ রাগ করলে সে বিভিন্নভাবে প্রকাশ করে। রাগ প্রশমনের একটি প্রক্রিয়া হচ্ছে গালাগালি করা। কারো ওপর রাগ হলে তাকে বকাবকি করলে রাগ অনেকটা কমে যায়। আমাদের দেশে প্রায় প্রত্যেকেই এ পদ্ধতি ব্যবহার করে থাকেন। যারা অশিক্ষিত এবং গরিব তারা গালাগালি নিজের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে মনে করেন। একজন লেখক কৌতুক করে গরিবের গালাগালিকে গরিবের কবিতা হিসেবে আখ্যায়িত করেছেন। বিভিন্ন দেশেও জনগণ গালাগালির মাধ্যমে রাগ প্রকাশ করে থাকেন। এজন্য প্রত্যেক ভাষাতে কিছু বিশেষ নির্বাচিত শব্দ ব্যবহূত হয়। আমাদের দেশে অনেক এমন অশ্লীল শব্দ ব্যবহার করেন যা শুনে কানে আঙ্গুল দিতে হয়। তখন পরিবার-পরিজন সঙ্গে থাকলে ভীষণ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। গালাগালির মাধ্যমে রাগ প্রশমনের ব্যবস্থা একটি সামাজিক অনাচার। এ অনাচার থেকে সমাজকে মুক্ত করা একান্ত প্রয়োজন। শালীনতা ও শিষ্টাচার ছাড়া কোনো জাতি ভদ্র বলে পরিচিতি লাভ করতে পারে না। সর্বজনীন শিক্ষা এ ব্যাপারে অনেক সহায়ক হবে বলে মনে করি। এ দিকটির প্রতি সমাজকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।
কবিতা চাক্লাদার,
সহকারী অধ্যাপক (অর্থনীতি),
লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর