মেঘনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪১
নিবারণ রায়, নরসিংদী প্রতিনিধি ঃ গতকাল শনিবার নরসিংদীর মেঘনা নদীতে অনুষ্ঠিত আকর্ষণীয় নৌকাবাইচ প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়ীয়ার সিদ্দিক উল্লাহ’র নৌ দল চ্যাম্পিয়ন ও একই জেলার জাহাদ আলী মাঝির নৌকা রানার্সআপ হয়।
নরসিংদীর ঐতিহ্যবাহী শেরেবাংলা ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ রোইং ফেডারেশনের সহযোগিতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতায় নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৪৫টি দল অংশ নেয়। এ নৌকাবাইচ উপভোগ করার জন্য হাজার হাজার নারী, পুরুষ, শিশু মেঘনা নদীর দুই তীরে ভিড় জমায়। তারা প্রচণ্ড রোদ ও অসহ্য গরমে অতিষ্ঠ হয়েও ইঞ্জিনচালিত নৌকা, স্পিডবোড, লঞ্চ, ট্রলার, ছোট ছোট অসংখ্য নৌকা দিয়ে নদীতে আকর্ষণীয় এ নৌকাবাইচ উপভোগ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এ সময় আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা ক্লাবের সভাপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের অতিরিক্ত সচিব কায়কোবাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এড. আসাদোজ্জামান, নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার উপজেলার সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, শেরেবাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরে আলম নান্নু, সমাজসেবক আসাদোজ্জামান খোকন প্রমুখ। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেন নাহার জুট ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা তারেক আহমেদ।