ফুলবাড়িতে বিজিবির হাতে ছাত্র প্রহূত প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৩
দিনাজপুরের ফুলবাড়িতে বিজিবি সদস্যের হাতে স্কুল ছাত্রকে মারধরসহ বাইসাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনায় গতকাল শনিবার স্কুলের শিক্ষার্থীরা সকালে ঘণ্টাব্যাপী ফুলবাড়ি-বগুড়া মহাসড়ক অবরোধ করে।
জানা গেছে, স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও পৌর এলাকার বারোকোনা গ্রামের আতিয়ার রহমানের ছেলে ফিরোজ আশিক লিমন গতকাল শনিবার ভোর সাড়ে ৬টায় বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ঢাকা মোড়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ সময় তাকে চোরাকারবারি আখ্যা দিয়ে বেধড়ক মারধর করে তার সঙ্গে থাকা বাইসাইকেলটি ছিনিয়ে নেয়।
বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা অভিযুক্ত বিজিবি সদস্যদের শাস্তির দাবিতে অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিজিবি সদস্যরা বাইসাইকেলটি ঘটনাস্থলের কিছু দূরে ফেলে রেখে যায়। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম খানের এমন আশ্বাসের প্রেক্ষিতে ছাত্ররা অবরোধ তুলে নেয়।
লাঞ্ছিত শিক্ষার্থী ফিরোজ আশিক লিমন জানায়, বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কোন কারণ ছাড়াই বিজিবি সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে এবং তার বাইসাইকেলটি ছিনিয়ে নেয়।
ফুলবাড়ি ৪০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইফতেখার বলেন, ঘটনাটি অনভিপ্রেত। তবে ছাত্রকে মারধর করা হয়নি।