ব্রহ্মপুত্রে ব্র্যাকের শিক্ষা তরী উদ্বোধন

ব্রহ্মপুত্র চরাঞ্চলের সুবিধা বঞ্চিত, পানি বন্দি ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা তরীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। গত বুধবার কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন চরাঞ্চলে চারটি শিক্ষা তরীর আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। রৌমারী বাগুয়ার চরে শিক্ষা তরীর উদ্বোধন শেষে জেলা প্রশাসক শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্র্যাকের উধ্বর্তন কর্মীরা উপস্থিত ছিলেন। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারা খাতুন জানান, রৌমারী উপজেলা দুইটি ও রাজীবপুর উপজেলায় দুইটি শিক্ষা তরীর মাধ্যমে কার্যক্রম চালু করা হলো। প্রয়োজনে শিক্ষা তরীর সংখ্যা আরো বাড়ানো হবে। শিক্ষার আলো প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলে পৌঁছে দিতে ব্র্যাক যুগোপযোগী এ উদ্যোগ গ্রহণ করেছে। এই শিক্ষা তরীর মাধ্যমে চরের সুবিধা বঞ্চিত, পানি বন্দি ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষা প্রদান করবে। ১ম শ্রেণি থেকে এর যাত্রা শুরু হলো। ১ম শ্রেণির শিক্ষার্থীরা ২য় শ্রেণিতে উঠবে আবার ১ম শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এখান থেকে শিশুরা ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় পাশ করে হাই স্কুলে ভর্তি হবে। তিনি আরো জানান, প্রতিটি শিক্ষা তরীতে ২১ জন মেয়ে ৯ জন ছেলে মোট ৩০ জন শিশু শিক্ষা গ্রহণ করবে। নদীতে ভাসমান অবস্থায় থাকবে শিক্ষা তরী। সকালে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা তরী শিশুদের তুলে নিয়ে সুবিধাজনক স্থানে ভিড়িয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করবে। পাঠদান শেষে আবার শিশুদের বাড়ি বাড়ি নামিয়ে দিয়ে আসবে। যাতে শিশুদের কোনো সমস্যায় পড়তে না হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এবিএম আজাদ ব্র্যাকের শিক্ষা তরীর মাধ্যমে শিক্ষার এ উদ্যোগকে স্বাগত জানান। এর মাধ্য্যমে রৌমারী ও রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র চরাঞ্চলের শিশুদের শিক্ষার আওতায় আনা যাবে বলে জেলা প্রশাসক জানান।