চৌদ্দগ্রামে গুণবতী বাজারের ব্যবসায়ীরা হামলা আতঙ্কে

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন পর পরই দফায় দফায় সংঘর্ষের কারণে জানমালের ভয়ে ক্রেতারা কম আসছে। নিরাপত্তার অভাবে ব্যবসায়ীদের অনেকে দোকানের মালামাল সরিয়ে নিচ্ছে। রেলস্টেশন থাকায় এ বাজারে জনসমাগম বেশি হয়। কিন্তু গত দুইটি সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন দলের ক্যাডাররা বাজারের ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। কেউ দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার উপর হামলা ও দোকান লুটের ঘটনা এখানে সাধারণ ব্যাপার। এসব কারণে অনেকে ওই বাজারে ব্যবসা গুটিয়ে বিদেশ পাড়ি জমায়। সমপ্রতি আ’লীগ ও জামায়াতের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পনেরটি দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহত হয় ব্যবসায়ীসহ অনেকে। সম্প্রতি হামলা ও লুটপাট আতঙ্কে বেশ কয়েকজন ব্যবসায়ী গাড়িযোগে তাদের দোকানের মালামাল সরিয়ে নিচ্ছে। টিপু নামের এক ব্যবসায়ী জানান, ‘দোকান ও মালের নিশ্চয়তা কেউ দিতে পারবে না, তাই মালামাল সরিয়ে দোকান বন্ধ রাখব’।