বেতাগীর ঢালীকান্দা সড়ক এক যুগেও সংস্কার হয়নি

এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও বরগুনার বেতাগী পৌরশহরের ঢালীকান্দা সড়কের সংস্কারের কাজ সম্পন্ন হয়নি। ফলে ওই এলাকার জনসাধারণের দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুম এলেই পৌরশহরের সবচেয়ে অবহেলিত এলাকা ঢালীকান্দা গ্রামে রাস্তার উপর কাদা জমে। কাদা ভেঙ্গে ওই সড়ক দিয়ে যাতায়াত করতে বৃদ্ধ, নারী, শিশু ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের আর সীমা থাকে না। মেয়র যায় আসে কিন্তু ঢালিকান্দা সড়কের সংস্কার কাজ আজো হয়নি এমন অভিযোগ এলাকাবাসীর। স্কুল ছাত্রী পপি জানায়, আমাগো কষ্ট কইরা এই রাস্তা দিয়া রোজ স্কুলে যাইতে অয়, বর্ষার সময় স্কুলে যেতে খুবই কষ্ট অয়। ওই এলাকার বাসিন্দা রাখাল রাজ মন্ডল জানান, ভোটের সময় আমাদের নানা ধরনের প্রতিশ্রুতি দেয়া হয় এবং এই রাস্তার সংস্কারের কথা বলা হলেও আজো তা করা হয়নি। ঢালীকান্দা গ্রামের সুখরঞ্জন ঢালি বলেন, পৌরসভার রাস্তার চেয়ে ইউনিয়ন পরিষদের রাস্তা এর চেয়ে ভাল ছিল, মেয়র ও কাউন্সিলর শুধু আশ্বাস দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এ বিষয় সংশ্লিষ্ট কাউন্সিলর মো. হাবিবুর রহমান বলেন, পরবর্তী টেন্ডারে এই রাস্তার প্রস্তাব দেয়া হবে। বর্তমানে প্রবল বর্ষণে রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে চলাচল করতে জনসাধারণের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয় মেয়র মো. আলতাফ হোসেন বিশ্বাস বলেন, শীঘ্রই ঢালীকান্দা সড়কের পুনঃসংস্কারের কাজ করা হবে।