কাফরুলে চালক খুন করে অটোরিকশা ছিনতাই
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
রাজধানীর কাফরুলে এক সিএনজি চালিত অটো-রিকশা চালককে কুপিয়ে হত্যা করে তার অটো-রিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম শফিকুল ইসলাম (৩২)। গত শুক্রবার মধ্যরাতে মিরপুর-১৩ নম্বরের ৩৩০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন পুলিশকে জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে খিলক্ষেত এলাকায় সাঈদ হোসেন পল্লব (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ গতকাল সকালে তার লাশ উদ্ধার করেছে।
সিএনজি চালক হত্যার ঘটনায় কাফরুল থানার এসআই প্রেমদাস রায় জানান, পল্লবীর বাসিন্দা শফিকুল শুক্রবার সকালে সিএনজি অটো-রিকশা নিয়ে বের হন। রাতে গ্যারেজে না ফেরায় সিএনজি মালিক তাকে খুঁজতে থাকেন। রাত দেড়টার দিকে কাফরুলের ৩৩০ নম্বর এসএস ভোকেশনালের সামনে রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
এদিকে খিলক্ষেত থানার এসআই মনিরুল ইসলাম জানান, খিলক্ষেত এলাকায় নিজ বাড়ির মেঝে থেকে উদ্ধার করা হয় সাঈদ হোসেন পল্লবের লাশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদের জের ধরে এ ‘হত্যাকাণ্ড’ ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।