সাকিবহীন ম্যাচে বিবর্ণ বোলিং

সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না—এ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। শেষ অবধি তিনি খেলতে পারলেন না। এ নিয়ে তৃতীয়বারের মতো দলে থাকার পরও ফাইনালে খেলা হলো না বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডারের। ফলে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের ডাবলিনে গতকাল অনুষ্ঠিত ফাইনালে সাকিবকে ছাড়াই মাঠে নামে মাশরাফি বিন মুর্তজার দল।

এর আগে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল চলাকালেই আঙুলের ইনজুরিতে পড়েন তিনি। বাকিটা সময় খেলতে পারেননি। এরপর গেল এশিয়া কাপে আরব আমিরাতে ফাইনালের আগেই দেশে ফিরতে হয়েছিল তাকে। সেই আঙুলের ইনজুরি নিয়ে। এবার অবশ্য ম্যালাহাইডে তিনি মাঠে নামেননি পিঠের ইনজুরির কারণে। তবে, আপাতত সাকিবের বিশ্বকাপে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।

সাকিবকে ছাড়া ফাইনাল খেলতে নেমে বৃষ্টি নামার আগ অবধি ছন্নছাড়া বোলিংই করলো বাংলাদেশ দল। টস ভাগ্যে এদিন জিতেছিলেন মাশরাফি বিন মুর্তজা। আগের তিনটা ম্যাচের কথা মাথায় রেখেই তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

তবে, অধিনায়কের মুখে হাসি ফোটাতে পারেননি কেউই। সবচেয়ে বেশি খরুচে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এ পেসার তিন ওভার বল করে হজম করেছেন ৩৬ রান। মানে ওভার প্রতি ১২ রান করে দিয়েছেন তিনি। খেলা মাঠে গড়ায় ২০.১ ওভার। এ সময়ের মধ্যেই ছয়জন বোলারকে ব্যবহার করে ফেলেন মাশরাফি। বোঝাই যাচ্ছে, সাফল্যের সন্ধানে কতটা হন্যে হয়ে ছিলেন তিনি।

ক্যারিবিয়ান দুই ওপেনার শাই হোপ ও সুনিল আমব্রিস দারুণ ছন্দে ছিলেন। দুজনই হাফ সেঞ্চুরি পেয়ে যান। হোপ ৬৮ ও আমব্রিস ৫৯ রানে অপরাজিত ছিলেন। ২০.১ ওভারে ১৩১ রান করে ক্যারিবিয়ানরা।