উন্মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪শ খাতা উদ্ধার

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ৪০০ খাতাসহ ৩ কলেজ কর্মচারীকে মাগুরায় গ্রেফতার করা হয়েছে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শনিবার তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের কর্মচারী গোলাম মোস্তফা, এবাদত হেসেন ও সুভাষ কুমার। এদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাগুরা সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে খাতা জালিয়াতি চক্রের একটি গ্রুপকে চারশ’ খাতাসহ গ্রেফতার করা হয়। খাতাগুলি জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ও অনার্সসহ বিভিন্ন পরীক্ষার। এগুলি ঢাকা থেকে এনে পরীক্ষার্থীদের দিয়ে লিখিয়ে আবার সেই খাতা ঢাকায় জমা দেয়ার কথা। সদর উপজেলার দক্ষিণ মীর্জাপুর গ্রামে জিয়াউল নামে এক ছাত্রের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সে পালিয়ে গেলেও তার ঘর থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা উদ্ধার হয়। পরবর্তীতে রাতে সদর উপজেলার শিবরামপুর, নড়ীহাটি, নীজনান্দুয়ালী গ্রামে আদর্শ কলেজের তিন কর্মচারী গোলাম মোস্তফা, এবাদত ও সুভাষের বাড়ি অভিযান চালিয়ে তাদের হেফাজতে থাকা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ও ডিগ্রি পরীক্ষার ৪০০ খাতা উদ্ধার হয়।