সৌখিন কবুতর প্রেমী মাসুদ
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
শান্তির প্রতীক কবুতর। বর্তমানে অনেকেই বাণিজ্যিকভাবে কবুতর পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। আবার কেউ কেউ নিতান্তই শখের বশে কবুতর পালন করে থাকেন। এমনই একজন সৌখিন কবুতর প্রেমী মাসুদ।
দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে মাসুদ। নিজ উদ্যোগে বাড়িতে মুরগির খামার, মাছের চাষের পাশাপাশি গড়ে তুলেছেন কবুতরের বিশাল সংগ্রহশালা। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক কবুতর। বর্তমানে তার বাড়িতে সর্বনিম্ন ৬শ’ টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা জোড়ার কবুতর রয়েছে। তার কবুতরের মধ্যে রয়েছে কিং, ট্রেজার, হলুদ সিরাজ, সিলভার, মুখ্খী, ময়ূর, সিলভার সিরাজ, কাকচি, রেসার নর, হোয়াইট লক্ষা নর, লোটন চিকেটস, ময়না, ফর্সা জালালীসহ দেশি প্রজাতির প্রায় একশ’ জোড়া কবুতর।
কবুতর পালনে তার এই আগ্রহের কথা জানতে চাইলে তিনি বলেন, কবুতর পালন করা আমার শখ। ২০০৮ সালে শখ করে দুই জোড়া কবুতর কিনে আনি। এরপর বিভিন্ন বাজার থেকে নানা প্রজাতির কবুতর আনতে শুরু করি। পত্র-পত্রিকা, টেলিভিশন বা যখন যেখানে যে প্রজাতির কবুতর দেখি, সেই প্রজাতির কবুতর কিনে আনি। দেশি প্রজাতির কবুতরের কিছু বাচ্চা বিক্রি করলেও অন্য কোন কবুতর আমি বিক্রি করি না।