বাকৃবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৭
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৯
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত শুক্রবার রাতে ছাত্রদলের রাসেল ও সুজন পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ সালাম রাসেল গ্রুপ ও সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজন গ্রুপের মধ্যে গত শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের কর্মীরা রড-লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়। আহতদের মধ্যে জুয়েল, ইসমাইল ও সুজন নামের ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।