স্পাইডারম্যানের ছদ্মবেশে ডাকাতি করতে গিয়ে ধরা

বাংলায় প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। তাই অনেকে বেশি চালাকি করতেও ভয় পায়। আবার অনেককে এই অতিরিক্ত চালাকি করতে গিয়ে ধরাও খেতে হয়। যুক্তরাষ্ট্রে এক শিক্ষার্থী চালাকি করে স্পাইডারম্যান সেজে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে এখন শ্রীঘরে রাত কাটাচ্ছে। যুক্তরাষ্ট্রের পেনসিল-ভেনিয়ার পিটসবার্গের পুলিশ জানিয়েছে, পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাথন হেসন বব প্যাটেল অ্যাট উড এক্সপ্রেস নামের একটি দোকানে চাঁদা দাবি করেছিল। কিন্তু চাঁদা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়। সে পরে সিদ্ধান্ত নেয় স্পাইডারম্যানের ছদ্মবেশে দোকানে ডাকাতি করবে। কিন্তু তার পরিকল্পনা ভেস্তে যায়। ধাওয়া খেয়ে রাস্তায় নামার পর স্পাইডারম্যানের পোশাকের কারণেই লোকে তাকে সহজে চিনে ধরিয়ে দিতে সক্ষম হয়। দোকানের কর্মচারীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার বিরুদ্ধে ডাকাতি চেষ্টার অভিযোগ এনেছে। -ইউপিআই