শিশুদের জন্য প্রচারণায় জাতিসংঘে যাচ্ছেন বলিউড তারকা কাজল

বলিউড তারকা কাজল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে যাচ্ছেন। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রমেও অংশ নিবেন তিনি। বিশেষ করে সেখানে জাতিসংঘের নীতিনির্ধারকদের কাছে শিশুমৃত্যুর হার কমাতে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরবেন দুই সন্তানের জননী কাজল। একটি সাবান কোম্পানির ‘হেল্প আ চাইল্ড রিচ ফাইভ’ ক্যাম্পেইনের দূত হিসেবেই সেখানে যাচ্ছেন কাজল। অজয় দেবগণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কাজলের নিয়াসা (১০) নামে এক কন্যা এবং যুগ (৩) নামে এক পুত্র সন্তান আছে। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ৩৯ বছর বয়সী কাজল বলেছেন, ‘শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধোয়া সবচেয়ে কম ব্যয়বহুল একটি পন্থা। সরকার এবং জাতিসংঘের নীতিনির্ধারকদের সামনে এ বিষয়টিকেই তুলে ধরতে চাই আমি।’ জাতিসংঘের হাই প্রোফাইল প্যানেল ডিনারেও অংশ নিবেন তিনি। সেখানে তিনি বক্তব্য রাখবেন। সেখানে আরও বক্তব্য দেবেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা মেলিন্ডা গেটসের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ ছাড়া ইউনিলিভারের সিইও পল পোলম্যান ও সংবাদকর্মীদের সঙ্গে ব্রেকফাস্ট পর্বে অংশ নিবেন তিনি। জাতিসংঘের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গেও তিনি সাক্ষাত্ করবেন। -এনডিটিভি