আমরা খোলামনের নিঃশর্ত সংলাপ চাই
-------- ওবায়দুল কাদের
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আমরা সংলাপের কথা বলি, আর বিএনপি শর্তযুক্ত সংলাপের কথা বলে এ পথ বার বার বন্ধ করে দিচ্ছে। আমরা খোলামনের নিঃশর্ত সংলাপ চাই। এখনো এ পথ বন্ধ হয়ে যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় গতকাল শনিবার ৪ লেন প্রকল্পের আওতাধীন রায়পুর বাইপাসের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিরোধীদল যদি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতো, তাহলে আজকের রাজনৈতিক পরিস্থিতি ও প্রেক্ষাপট ভিন্ন হতো। দেশবাসী আতংকে ও উদ্বেগে থাকুক আমরা তা চাই না। অতীতেও জাতীয় জীবনে সংকট এসেছিল আবার সমাধানও হয়েছে। ৪ লেনের প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, চাইনিজরা ৬টি প্যাকেজের কাজ করছে। বর্ষাকালে তারা কাজ করে না। বর্ষা শেষ—এখন চার লেনের কাজে গতি আসবে। চারলেনের ২৪৪টি কালভার্টের মধ্যে ২৩৪টির কাজ শেষ হয়েছে। এ সময় মন্ত্রীর সাথে সওজ’র কর্মকর্তারা উপস্থিত ছিল।