চারদিনের ইসলামী অর্থনীতি সম্মেলন শুরু আজ

বাংলাদেশ ব্যাংক ও ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) যৌথ উদ্যোগে আজ সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে চারদিনের ইসলামী অর্থনীতি বিষয়ক সেমিনার ও কর্মশালা। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসাবে সকালে রাজধানীর হোটেল পূর্বাণীতে এ সেমিনারের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইএফএসবি এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহী ও দেশি-বিদেশি বক্তারা উপস্থিত থাকবেন। জানা গেছে, দুইভাগে বিভক্ত চারদিনব্যাপী উক্ত সেমিনারে আজ ও আগামীকাল ৫টি সেশনে বাংলাদেশে ইসলামী অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বর ৮টি সেশনে আইএফএসবির স্ট্যান্ডার্ড গতিশীল ও বাস্তবায়ন শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। সেমিনারে বাংলাদেশ, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক, জাপান, বাহরাইন, শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ প্রায় ৪০জন অর্থনীতিবিদ অংশগ্রহণ করবেন।