জমি অধিগ্রহণ ছাড়াই বাঁধ নির্মাণ

টুঙ্গিপাড়ায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি অধিগ্রহণ ছাড়াই বেড়িবাঁধ নির্মাণ এবং অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বাড়িঘর ভেঙ্গে যাওয়ার প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ক্ষতিগ্রস্ত ১০টি গ্রামের মানুষ। ১ মাসের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেয়া না হলে পানি উন্নয়ন বোর্ডের অফিস ভেঙ্গে গুঁড়িয়ে জ্বালিয়ে দেয়ার আল্টিমেটাম দিয়েছে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। রবিবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে ক্ষতিগ্রস্তরা মানববন্ধন রচনা করেন। মানব বন্ধন চলাকালে টুঙ্গিপাড়ার পৌরসভার কাউন্সিলর কাজী বাহাউদ্দিন,শেখ আব্দুল মান্নান, শিক্ষক নেতা সেকেন্দার আলী, আওয়ামী লীগ নেতা শৈলেন্দ্রনাথ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিএম তৌফিক ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। মানব বন্ধন শেষে উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা বলেন, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড তারাইল-পাচুড়িয়া বেড়ি বাঁধের ১,২,৩ ও ৪ নং পোল্ডারে জমি অধিগ্রহণ না করে মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে ৯০ কিঃমিঃ বেড়িবাঁধ নির্মাণ করছে। ইতিমধ্যে বেড়ি বাঁধের ৭০ ভাগ কাজ সম্পন্ন হলেও জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা পাননি। পাশাপাশি টুঙ্গিপাড়ার বিভন্ন খাল ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এ বাঁধ নির্মাণ করায় আশ পাশের বাড়িঘর ও ফসলী জমি নদী এবং খালের মধ্যে ভেঙ্গে পড়ছে।