সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ, ১ জেলে উদ্ধার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৪
সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যু আলিফ বাহিনীর মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ সংঘটিত হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সূত্রে তারা জানতে পারে সুন্দরবনের খুলনা রেঞ্জের মরাকাগা খাল এলাকায় বনদস্যু আলিফ বাহিনী মুক্তিপণ আদায়ে জেলেদের অপহরণ করছে। ২২ সেপ্টেম্বর কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছালে বন দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। কোস্টগার্ড পাল্টা গুলি ছুঁড়লে বনদস্যু বাহিনী পিছু হটে পালিয়ে যায়। বন দস্যুদের আস্তানা থেকে কোস্টগার্ড একটি নৌকা, ৬ টি এলজি, ৫ টি পাইপ গান, ৫ টি ওয়ান স্যুটার গান, ৩শ রাউন্ড গুলি, ১৪ টি দেশীয় ধারালো অস্ত্র, ৭ কেজি হরিনের মাংস, ২৭ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহূত জিনিসপত্র আটক করে। উদ্ধারকৃত জেলে কয়রা উপজেলার গোলখালী গ্রামের আব্দুস সাত্তারের পুত্র আসাদুল ইসলাম (৩৫)।