নাটোর-বগুড়া মহাসড়কে উন্মুক্ত চাঁদাবাজি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে মটর শ্রমিক সমবায় ইউনিয়ন প্রকাশ্যে চাঁদাবাজি শুরু করেছে। প্রতিদিন শত শত মালবাহী ট্রাক থেকে চাঁদা নেয়া হচ্ছে। ভুক্তভোগী চালকরা জানান, চাঁদা না দিলে ট্রাক আটকানো হয়। বিভিন্নভাবে হয়রানি ও মারপিটের শিকারও হতে হয় তাদেরকে। দিনরাত ২৪ ঘন্টায় প্রকাশ্য চাঁদাবাজি করায় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে খোদ মটর শ্রমিক সমবায় ইউনিয়নের সদস্যদের মধ্যেও ক্ষোভ রয়েছে। প্রতিমাসে ৪-৫ লাখ টাকা আদায় করা হচ্ছে যার মোটা অংশের ভাগ জেলা মটর শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা, জেলা পুলিশ প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন খাতে দিতে হয় বলে স্বীকার করেছেন শ্রমিক নেতারা। ভুক্তভোগী ট্রাকচালকরা আরও জানান, একস্থান থেকে অন্যস্থানে যাবার সময় চাঁদা দিতে হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, চাঁদাবাজির কারণে এ খাতে খরচও বাড়ছে যার কারণে প্রভাব পড়ছে বাজারে। অপরদিকে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয় শ্রমিকরা।