কলারোয়ায় প্রধান শিক্ষকের বহিষ্কার দাবিতে মানববন্ধন
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ওই স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার শত শত মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার একঘণ্টা চলে মানববন্ধন কর্মসূচি। তারা ওই স্কুলের প্রধান শিক্ষক ফজলুল রহমান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামানকে নিয়োগ বাণিজ্যের নেতা হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তাদের অপসরণের দাবি জানান। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কামরুল ইসলাম, গোলাম হোসেন, ছাত্র অভিভাবক আজিজুর রহমান জানান, চলতি বছর ১৯ এপ্রিল ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই নিয়োগ পরীক্ষায় ১৪ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। নিয়োগ পরীক্ষার আগে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজশে ৪ জন প্রার্থীর কাছ থেকে চাকরি দেয়ার নাম করে ২১ লাখ টাকা উেকাচ গ্রহণ করে। পরীক্ষায় মেধাকে প্রাধান্য না দিয়ে ৭ লাখ টাকার বিনিময়ে কলারোয়া উপজেলার জয়নাগর গ্রামের সুবদ দাশকে নিয়োগ দেয়। এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক ফজলুল রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। মুসরাত জাহান নামের একটি মেয়েকে নেয়া হয়নি বলে আমার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। উেকাচ আদায়ের অভিযোগ সঠিক নয়।