মেহেরপুরে লিভিং চার্চে হামলা ও ভাংচুর
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
মেহেরপুর লিভিং চার্চ অব যিশু কুলবাড়িয়া সেন্টারে অনৈতিক কাজের অভিযোগ তুলে স্থানীয় কিছু লোকজন ক্রুস ও তাদের সাইন বোর্ড ভাঙচুর করেছে। এ ঘটনায় খ্রীষ্টানদের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। অপর দিকে স্থানীয়রা তাদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ তুলে গণস্বাক্ষর করে সাংবাদিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করেছেন। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের লাল চাঁদ আলীর ছেলে মোজাফ্ফর আহমেদ ঝন্টুসহ ওই গ্রামের ১০/১২ জন গ্লোবাল হারবেস্ট ওয়েলফেয়ার অ্যান্ড রিলিজিওয়াস ট্রাস্ট থেকে মোটা অংকের টাকা গ্রহণ করে খ্রীষ্টান ধর্ম গ্রহণ করেন। তারা ১০/১২টি পরিবার ওই গ্রামের ঠাকুরপাড়ায় লিভিং চার্চ অব যিশু কুলবাড়িয়া সেন্টার নামের সাইন বোর্ড তুলে সেখানে বসবাস করছেন। সমপ্রতি তারা সেখানে মাদক সেবন ও বেচা-কেনাসহ খারাপ মহিলাদের নিয়ে সেখানে অনৈতিক কাজ করাচ্ছে এমন অভিযোগ তুলেছে। এ ধরনের অপকর্ম হচ্ছে এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে ওই গ্রামের লোকজন হামলা চালিয়ে লাঞ্চিত করে ক্রুস ও সাইন বোর্ড ভাঙচুর করে। এ ঘটনায় মোজাফ্ফর আহমেদ ঝন্টু বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেছেন। এদিকে ওই গ্রামের মুসলমানরা তাদের বিরুদ্ধে অনৈতিক কাজ করার অভিযোগ তুলে মেহেরপুর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ করেছেন। শুক্রবার রাতে মেহেরপুর সদর থানা ডিউটি অফিসার জানান, পালক ঝন্টু বিশ্বাস থানায় একটি অভিযোগ করেছেন।