দৌলতপুরের কৃষক ধরে নিয়ে গেছে বিএসএফ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
দৌলতপুর সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ঐ কৃষককে ফেরত চেয়ে পত্র দিলেও বিএসএফ কোন জবাব দেয়নি।
বিজিবি ও এলাকাবাসী জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী জামালপুর এলাকার ১৫৩/৫ এস সীমানা পিলার সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড়ে ঘাস কাটার সময় রবিবার সকালে নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা জামালপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এরশাদ আলীকে (১৬) ধরে নিয়ে যায়। বিজিবি ৩২ ব্যাটালিয়নের জামালপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মালেক জানান, আমরা খবরটি নিশ্চিত হবার পর বিএসএফকে বাংলাদেশি কৃষককে ফেরত চেয়ে পত্র দিলেও এখনো কোন জবাব দেয়নি বিএসএফ।